আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে পরিচালিত সামরিক হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি ‘অভিযানে’ ৭৩টি নিরাপত্তা চৌকি ধ্বংস ও ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানানো হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, অভিযানে আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করলেও জানায়, তারা স্বাধীনভাবে এ দাবিগুলো যাচাই করতে পারেনি। আল জাজিরার খবরে আরও বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনীর দখলে যাওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তানি সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত-এর নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়। আফগান পক্ষের দাবি, এ সংঘর্ষে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ এবং কয়েকজন সেনাকে আটক করেছে।
আফগান মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় পাকিস্তানের দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়। সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলেও তারা দাবি করেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান পরিচালিত হয়েছে।



