আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তা ও ভ্রমণের ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
আফগানিস্তান প্রথমবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী, ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাম্প্রতিক অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সিরিজ আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা নিরাপদ নয়। তাই তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর এই স্থগিতাদেশ দিয়েছে।
সিরিজের পুনঃনির্ধারণের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে।



