tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতি‘আপনার মতো বহু ইউএনওকে লাথি মেরে বের করতে পারি’, বিএনপি নেতার বক্তব্য...

‘আপনার মতো বহু ইউএনওকে লাথি মেরে বের করতে পারি’, বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ করে বিএনপির এক নেতার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি ও ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এক সমাবেশে বলেন, ‘আমাদের কথার বাইরে গেলে আপনি এক ঘণ্টাও অফিস করতে পারবেন না। বিএনপি এমন একটি দল, আপনার মতো বহু ইউএনওকে লাথি মেরে অফিস থেকে বের করে দিতে পারে।’

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সরকারি দপ্তরে তালা, দুই ঘণ্টা বিক্ষোভ

স্থানীয় বিএনপি, ছাত্রদল ও নিয়োগবঞ্চিত আবেদনকারীরা সম্প্রতি নাচোলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কিছু প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা ইউএনও প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার অপসারণের দাবিও জানান।

নিয়োগ কার্যক্রম স্থগিত

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই নিয়োগের ফলাফল প্রস্তুত করা হয়েছিল। তবে বিক্ষোভের পর ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, সরকারি দপ্তরে তালা দেওয়ার ঘটনায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পক্ষের পক্ষ থেকে নানা ধরনের দাবি ও বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপি নেতার বক্তব্যকে ঘিরে দলটির স্থানীয় পর্যায়েও আলোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক গোলা জাকারিয়া জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই; খোঁজ নিয়ে দেখবেন।

বিক্ষোভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।