জনতা ব্যাংক থেকে প্রায় ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, জনতা ব্যাংক থেকে মর্টগেজ নেওয়া এমন একটি জমিতে—যেখানে বাস্তবে কোনো স্থাপনা ছিল না—সেই জমি ঋণগ্রহীতার মালিক হওয়ার আগেই ৩ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকায় কেনা হয়। পরবর্তীতে ওই জমির মূল্য প্রায় ৬ হাজার ৯৯ মিলিয়ন টাকা দেখিয়ে এবং বিআরপিডি সার্কুলার নং ০৫/২০০৫ ও এমওইই নির্দেশনা লঙ্ঘন করে ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এই প্রক্রিয়ায় মোট ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করা হয়েছে।
চার্জশিটে ড. আতিউর রহমান ও ড. আবুল বারকাত ছাড়াও আসামি হিসেবে রয়েছেন—জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুছ ছালাম আজাদ, সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনসহ মোট ২৬ জন।
তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুপ্রভ স্পিনিং লিমিটেডের পরিচালক মো. আবু তালহা, জনতা ব্যাংকের সাবেক এমডি মো. আব্দুল জব্বার এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোছাম্মৎ ইসমত আরা বেগমকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুদক জানায়, মামলার এজাহারে প্রাথমিকভাবে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তদন্তে তিনজনের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে নতুন করে আরও ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের নাম চার্জশিটে যুক্ত করা হয়েছে।



