চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুবরণ করার ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গতরাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে আটক করে নিয়ে যান এবং তার ওপর অমানুষিক নির্যাতন চালান। এর ফলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য কোনোভাবেই শুভ নয়।”
তিনি আরও বলেন, “বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের চরম অবমাননা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেকোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে—এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”
বিবৃতিতে এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।



