ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি বলেছেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা ইসরাইল অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
রোববার (১৯ অক্টোবর) জেনেভায় অনুষ্ঠিত ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হোসেইনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবে না।
সাম্প্রতিক কাতারে ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, “কাতারে ইসরাইলি শাসনব্যবস্থার সন্ত্রাসী হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক বিধান এবং প্রতিবেশী কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।”
তিনি আরও বলেন, ইরান বিশ্বাস করে—সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব।
‘সংকটকালে মানবিক নীতিমালা রক্ষা ও মানবিক কার্যক্রমে সহায়তা’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে রোববার জেনেভায় শুরু হয়েছে ১৫১তম আইপিইউ সম্মেলন। ইরানের উপ-স্পিকার হামিদরেজা হজিবাবাঈর নেতৃত্বে আয়োজিত এই বৈঠক চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।



