tanaka
প্রচ্ছদজাতীয়অ্যাপে মিলবে ভোটকেন্দ্রসহ নির্বাচনসংক্রান্ত সব তথ্য

অ্যাপে মিলবে ভোটকেন্দ্রসহ নির্বাচনসংক্রান্ত সব তথ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে একজন ভোটার সহজেই নিজের ভোটকেন্দ্রের তথ্যসহ রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার অ্যাপটি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এ অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, অ্যাপটির মাধ্যমে ভোটাররা তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটকেন্দ্র অনুসন্ধান করতে পারবেন। এতে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনি ফলাফল এবং নির্বাচন-সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যও অ্যাপটির মাধ্যমে জানা যাবে।