tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকঅস্ত্র সমর্পণে রাজি হওয়ার খবর ‘বানোয়াট’: হামাস

অস্ত্র সমর্পণে রাজি হওয়ার খবর ‘বানোয়াট’: হামাস

আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘বানোয়াট’ দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে— এমন খবর ভিত্তিহীন বলে অস্বীকার করেছে সংগঠনটি। এর আগে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তরে রাজি হয়েছে।

হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি ও অস্ত্র হস্তান্তর নিয়ে গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর খবর আমরা দৃঢ়ভাবে অস্বীকার করছি।’

তিনি আরও বলেন, এসব ভিত্তিহীন প্রতিবেদন হামাসের অবস্থান বিকৃত করা ও জনমত বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে মারদাউই বলেন, ‘দয়া করে কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না। বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিশ্চিত না হয়ে এমন খবর প্রচার বিভ্রান্তি সৃষ্টি করে।’

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হামাস পরিকল্পনার বেশিরভাগ বিষয়ের সঙ্গে নীতিগতভাবে একমত হলেও নিরস্ত্রীকরণের বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি।