অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর প্রায় ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে মেটা।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, অস্ট্রেলিয়ার নতুন আইন মেনে চলতেই এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৯৪ হাজার ফেসবুক এবং ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে।
অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী শনাক্ত করতে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। ব্যবহারকারীর জন্মদিনের শুভেচ্ছা, শ্রেণি বা স্কুল-সংক্রান্ত তথ্য এবং পোস্টের ক্যাপশনসহ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে।
মেটা জানিয়েছে, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত ও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এদিকে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়ম না মানা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মেটার পাশাপাশি টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদেরও এ বিষয়ে সংসদীয় কমিটির সামনে জবাবদিহি করার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ায় সামাজিকমাধ্যমে বয়সসীমা কার্যকরের পরও বিপুলসংখ্যক কিশোর-কিশোরী বিভিন্ন উপায়ে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ কারণে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রস্তাবিত পরিবর্তনে আইন লঙ্ঘনকারী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ জরিমানার পরিমাণও বাড়ানোর কথা বলা হয়েছে।
তবে মেটার নিষ্ক্রিয় করা সব অ্যাকাউন্ট যে নিশ্চিতভাবেই ১৬ বছরের কম বয়সী ব্যক্তিদের—এমনটি বলা যায় না। প্রতিষ্ঠানটি মূলত প্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে।
এই পদক্ষেপের মাধ্যমে শিশু-কিশোরদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি দায়িত্ব চাপানোর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে।



