tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅভিনয়ে না এলে আন্ডারওয়ার্ল্ডে জড়াতে পারতেন নানা পাটেকর

অভিনয়ে না এলে আন্ডারওয়ার্ল্ডে জড়াতে পারতেন নানা পাটেকর

ভারতের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর গত বৃহস্পতিবার গোয়ায় নিজের বাড়িতে মারা যান। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ৭৫ বছর বয়সি এই অভিনেতা বলিউডে শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রশংসিত।

তবে অভিনয়জীবনের বাইরে মুম্বাইয়ের অপরাধ জগতের সঙ্গেও নানা পাটেকরের পারিবারিক একটি যোগসূত্র ছিল। শহরের কুখ্যাত গ্যাংস্টার মনোহর মানিয়া সুরভে ছিলেন তার মামাতো ভাই। আর এই সম্পর্কের কারণেই ছোটবেলায় অপরাধ জগতের মানুষদের কাছ থেকে খুব কাছ থেকে তাদের আচরণ দেখার সুযোগ হয়েছিল নানার।

এক সাক্ষাৎকারে মানিয়া সুরভের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নানা পাটেকর জানিয়েছিলেন, গ্যাংস্টারের চরিত্র সম্পর্কে তার প্রাথমিক ধারণা অনেকটাই এসেছিল মানিয়ার কাছ থেকে। ছোটবেলায় অপরাধীদের সংস্পর্শে থাকায় তারা কীভাবে আচরণ করে, সে সম্পর্কেও ধারণা তৈরি হয়েছিল তার।

তবে নানা যাতে অপরাধ জগতের প্রভাবে না জড়িয়ে পড়েন, সে বিষয়ে তার মা ছিলেন কঠোর। পরিবারের সদস্যদের অপরাধীদের প্রভাব থেকে দূরে রাখতে একসময় সন্তানদের নিয়ে মুম্বাই ছেড়ে চলে যান তিনি।

‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৬তম মৌসুমের একটি পর্বে নিজের অতীতের কথা বলতে গিয়ে নানা পাটেকর বলেছিলেন, অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিলে হয়তো তিনিও একসময় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়তেন।

কে ছিলেন মনোহর মানিয়া সুরভে?

মনোহর মানিয়া সুরভে মুম্বাইয়ের অপরাধ জগতের আলোচিত এক নাম। কৃতি কলেজ থেকে স্নাতক শেষ করার পর অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মুম্বাইয়ের গ্যাং জগতের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন মানিয়া।

একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর সেখান থেকে পালিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। এরপর নিজস্ব একটি গ্যাং গড়ে তোলেন এবং পরবর্তী সময়ে পাঠান গ্যাংয়ের সঙ্গেও যুক্ত হন।

১৯৮১ সালে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির ইব্রাহিমকে গুলি করে হত্যা করেন মানিয়া সুরভে। ওই হত্যাকাণ্ডের পর মুম্বাইয়ের বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।

এর এক বছর পর, ১৯৮২ সালে মুম্বাইয়ের ওয়াদালা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মানিয়া সুরভে।

তার জীবন ও অপরাধজগতের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ২০১৩ সালে নির্মিত হয় বলিউড সিনেমা ‘শুটআউট অ্যাট ওয়াদালা’।

সূত্র: মানি কন্ট্রোল