ফেনীর দাগনভূঞায় আলোচিত অপহরণ ও চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ফটিক। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক এসএম আতিক উল্যাহ জানান, ফেনী মডেল থানায় দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় জামশেদুর রহমান ফটিক একমাত্র আসামি। জামিনে গিয়ে তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
আদালত সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, ২০১১ সালের ২০ সেপ্টেম্বর নরসিংদীর শিবপুর থানার দত্তেরগাঁও গ্রামের মো. শরীফ ভূঞা বাদী হয়ে ফটিকের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তাকে একমাত্র আসামি করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, বাদীর বোন মর্জিনা আক্তারকে ফেনীর মহিপাল এলাকা থেকে অপহরণ করেন ফটিক। পরে র্যাব অভিযান চালিয়ে মর্জিনা আক্তার ও তার সন্তানকে তিনটি মোবাইল ফোনসহ উদ্ধার করে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলাটি দায়েরের পর ফটিক জামিনে ছিলেন। তবে পরবর্তী সময়ে আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।



