বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে। অপরাধ ও সন্ত্রাস দমনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ বা কঠোর মনোভাব দেখা যাচ্ছে না। সরকারের এই শিথিলতা ও গাফিলতিই যুবদল নেতা কিবরিয়ার নিহত হওয়ার মতো ঘটনা বাড়িয়ে দিচ্ছে।
শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।
তিনি বলেন, “গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণও এই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।”
এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে দেখতে যান রিজভী। সেখানে তিনি এরশাদ উল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রিজভী আরও বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



