বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের। ২৩৯ রানের লক্ষ্য বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে নেমে আসে ২৯ ওভারে ১৬৫ রানে। লক্ষ্য তাড়া করতে শুরুটা দারুণ করলেও হঠাৎ ছন্দপতনে মাত্র ২২ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ১৮ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় যুবাদের।
বিশ্বকাপের হতাশাজনক শুরু কাটিয়ে উঠতে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আজিজুল হাকিম তামিমের দল। বুলাওয়েতে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ, যেখানে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি বড় অনুপ্রেরণা হয়ে আছে। সেই স্মৃতি আজও আত্মবিশ্বাস জোগাতে পারে যুবাদের।
তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম বৃষ্টি। ভারতের বিপক্ষে ম্যাচেও একাধিকবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল এবং শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে হারতে হয় বাংলাদেশকে। অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সুপার সিক্সে ওঠার সম্ভাবনা এখনও ভালো থাকলেও বৃষ্টির আশঙ্কা বারবার ভাবনায় ফেলছে দলকে।
আগের ম্যাচের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের যুবারা। অযথা উইকেট বিলিয়ে না দিয়ে দায়িত্বশীল ব্যাটিং করতে পারলেই জয় সম্ভব। কিউই যুবাদের বিপক্ষে সেটাই প্রধান লক্ষ্য।
বোলাররা মোটামুটি ভালো ফর্মে রয়েছেন। বিশেষ করে আগের ম্যাচে আল ফাহাদ নিয়েছেন পাঁচ উইকেট। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই সাফল্য কাজে আসেনি। ব্যাটাররা যদি দায়িত্ব নিতে পারেন, তাহলে ফেবারিট হিসেবে নিউজিল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো কঠিন হবে না বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের জন্য।



