ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এই সংলাপের পঞ্চম আসরের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সংলাপের আয়োজন করছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিবর্তন, আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত পরিবর্তন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূমিকা নিয়ে বক্তব্য দেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বক্তব্যটি সম্মেলনের পরবর্তী আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে আনবে।
আন্তর্জাতিক এই সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আয়োজকদের হিসাবে, শতাধিক দেশ থেকে প্রায় এক হাজার অংশগ্রহণকারী এবং প্রায় ২০০ বক্তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সংলাপের বিভিন্ন অধিবেশনে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, গণতান্ত্রিক শাসন, আস্থার সংকট এবং আঞ্চলিক সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সিজিএসের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনের লক্ষ্য হলো পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ বাড়ানো এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা।



