বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত হয়েছেন তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে বেকারত্ব বাড়ানো কোনোভাবেই সমাধান হতে পারে না। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময় দেশের অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রেখেছে। জিয়াউর রহমান ওপেন ইকোনমির যুগের সূচনা করেছেন। আর ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করেছে।
মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি দেশের অর্থনীতি ধ্বংস করেছে—এ কথা কেউ প্রমাণ করতে পারেনি। ব্যবসায়ীদের প্রতি আস্থা রেখে নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “ব্যবসায়ীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। তাদের বিশ্বাস করতে হবে। যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেন বেকারত্ব সৃষ্টি করা হবে—এটা ভেবে দেখতে হবে।”
তিনি আরও বলেন, কেবল অর্থনৈতিক পথনকশা নয়, রাজনৈতিক পথরেখাও প্রণয়ন করতে হবে। সংস্কারের যেসব বিষয়ে বিএনপি সই করেছে, দলটি বহু আগেই সেসব প্রস্তাব তুলে ধরেছিল।
মির্জা ফখরুলের ভাষ্যে, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়—যেখানে গণতন্ত্র এবং অর্থনীতি সমানভাবে বিকশিত হবে।



