tanaka
প্রচ্ছদআদালতপ্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পৃথক দুই মামলায় ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আদালত শেখ হাসিনাকে এই দুই মামলাসহ মোট তিন মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন।

মামলার তদন্তে দুদক অভিযোগ করেছে, সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না থাকা সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২০৩নং রাস্তার ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন।

জয় ও পুতুলের বিরুদ্ধে অভিযোগ, তারা পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রভাব প্রয়োগ করে ১০ কাঠার প্লট বরাদ্দ গ্রহণ করেন। এছাড়া পুতুল মাকে প্রভাবিত করে আবেদনের মাধ্যমে বরাদ্দ পেয়ে তা রেজিস্ট্রি করেন। প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোহাম্মদ সালাহউদ্দিনও নথি নষ্ট বা গায়েব করার মাধ্যমে শাস্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

এর আগে, জানুয়ারিতে দুদক পৃথকভাবে ছয়টি মামলা দায়ের করে। ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

উল্লেখ্য, এর আগে অন্যান্য রাষ্ট্রপ্রধান যেমন বেগম খালেদা জিয়া ও হুসাইন মুহাম্মদ এরশাদকেও দুর্নীতির মামলায় সাজা হয়।