দেশের ফুটবলের উদীয়মান তারকা হামজা চৌধুরী এবার জানালেন তার স্বপ্নের সর্বকালের সেরা একাদশ। বিস্ময়করভাবে এ দলে জায়গা হয়নি পেলে ও ম্যারাডোনার মতো কিংবদন্তিদের। তবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন তার নির্বাচিত একাদশে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ৪-৩-৩ ফরমেশনে সাজিয়েছেন তার পছন্দের দল। হামজার মতে, তার স্বপ্নের দলের কোচ হবেন পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে তিনি বেছে নিয়েছেন ম্যানুয়েল নয়্যারকে।
রক্ষণভাগে থাকছেন দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক ও রবার্তো কার্লোস। মধ্যমাঠে তার পছন্দ জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও এনগোলো কান্তে।
আক্রমণভাগে দুই প্রান্তে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।
হামজার একাদশে মূলত গত শতাব্দীর শেষভাগ এবং চলতি শতাব্দীর তারকারাই জায়গা পেয়েছেন। তিনি যেসব খেলোয়াড়কে সরাসরি খেলা অবস্থায় দেখেছেন, তাদেরকেই অগ্রাধিকার দিয়েছেন। ফলে পেলে, ম্যারাডোনা বা ইয়োহান ক্রুইফের মতো সর্বকালের সেরা অনেকেই স্থান পাননি তার দলে।
হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ:
ম্যানুয়েল নয়্যার; দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক, রবার্তো কার্লোস; জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগোলো কান্তে; লিওনেল মেসি, রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো।
কোচ: পেপ গার্দিওলা।



