বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান—এক ফুটফুটে পুত্রসন্তান। জন্মের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে কৌশল পরিবার। এবার ‘বেবি কৌশল’-কে ঘিরে শুরু হয়েছে জ্যোতিষীয় আলোচনা।
একজন খ্যাতনামা বলিউড জ্যোতিষী শিশুটির জন্মছক বিশ্লেষণ করে দিয়েছেন এক বড় ভবিষ্যদ্বাণী। তিনি জানান, সকাল ৮টা ২৩ মিনিটে রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছে ‘বেবি কৌশল’। এই নক্ষত্রকে সৌভাগ্য, সৃজনশীলতা ও সাফল্যের প্রতীক হিসেবে ধরা হয়। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর বরাতে জানা গেছে, জ্যোতিষীর মতে রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত আকর্ষণীয়, বুদ্ধিমান, সৃজনশীল ও সত্যনিষ্ঠ হয়ে থাকেন। এদের শিল্পকলার প্রতি গভীর অনুরাগ থাকে—লেখালেখি, আঁকা কিংবা অভিনয়ের মতো সৃজনশীল ক্ষেত্রে তারা দারুণ সাফল্য অর্জন করেন।
জ্যোতিষী আরও উল্লেখ করেন, ভগবান শ্রীকৃষ্ণও জন্মেছিলেন রোহিণী নক্ষত্রে। তাই ধারণা করা হচ্ছে, ভিকি ও ক্যাটরিনার সন্তানও বড় হয়ে শিল্পীসত্তায় উজ্জ্বল হয়ে উঠবে, এমনকি ভবিষ্যতে বলিউডেও নিজের নাম উজ্জ্বল করতে পারে।
আরও একটি মজার মিল খুঁজে পেয়েছেন জ্যোতিষীরা। তাদের মতে, নভেম্বর মাস কৌশল পরিবারের জন্য বরাবরই শুভ। ৩ নভেম্বর ভিকির মা বীণা কৌশলের জন্মদিন। আবার ভিকি ও ক্যাটরিনার জন্মতারিখ দুটোই ১৬—যার যোগফল ৭। তাদের সন্তানের জন্মও ৭ নভেম্বর। ফলে ‘৭’ সংখ্যাটি নাকি কৌশল পরিবারের জন্য বিশেষ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।



