চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের সময় পড়েছে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারের বেশি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী এই পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
গত বছরের একই সময়ের তুলনায় এবার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৪ সালের ৩০ অক্টোবর দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাবে বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে–জুন সময়ের আমদানি বিল হিসেবে বাংলাদেশ ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আকু পরিশোধ করেছিল। এরপর থেকে আকু বিল পরিশোধের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
উল্লেখ্য, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইএসক্যাপ)-এর উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। বর্তমানে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই নয়টি দেশ আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিতে আকুর সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত রয়েছে।



