আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
এই চার জাতীয় নেতাকে হত্যার ঘটনায় পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ এবং এল.ডি. দফাদার আবুল হাসেম মৃধাকে (তিনজনই পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদসহ মোট ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর এবং তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেওয়া হয়।



