tanaka
প্রচ্ছদরাজনীতিহাসিনাকে ফেরত দিন ও আইনের মুখোমুখি করুন: ভারতকে মির্জা ফখরুল

হাসিনাকে ফেরত দিন ও আইনের মুখোমুখি করুন: ভারতকে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত সরকারকে স্পষ্টভাবে বলতে চাই—শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন এবং তাকে আইনের মুখোমুখি করুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না, কারণ দেশের মানুষ তা কখনো মেনে নেবে না।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু শক্তি এখন এমনভাবে কাজ করছে যেন ১৯৭১ সালের ইতিহাস বিকৃত করা যায়। তারা শুধু ২৪ জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। অথচ আমরা ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি—একদিনের নয়, ধারাবাহিকভাবে শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে লড়েছি। মুক্তিযোদ্ধারা যেমন দেশমাতৃকার জন্য লড়েছিলেন, আমরাও তেমন লড়াই চালিয়ে যাচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, এই সময়ের মধ্যে আমাদের অন্তত ১,৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, ২,০০০ জনকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, আমরা সেই রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধেই লড়াই করছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিভক্তি চাই না। কিন্তু পরিকল্পিতভাবে কিছু শক্তি এখন বিভাজন সৃষ্টি করতে চায়, যারা ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। আমাদের জন্ম, পরিচয়, অস্তিত্ব সবই ১৯৭১ সালের সঙ্গে যুক্ত—এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। স্বাধীনতার ঘোষণাই ছিল আমাদের জাতি হিসেবে আত্মপ্রকাশের মুহূর্ত।

অস্পষ্ট ইঙ্গিতে তিনি বলেন, আজ আবারও সেই একই শক্তির পুনরুত্থান ঘটছে। নাম না নিয়েই বলব—আপনারা নিজের অতীত স্মরণ করুন, ১৯৭১ সালে আপনারা কী ভূমিকা রেখেছিলেন। সেদিন আপনারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিলেন, দুষ্কৃতিকারীদের আন্দোলন বলে অভিহিত করেছিলেন। যারা দেশপ্রেমিক মানুষদের হত্যা করেছিল, তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আমরা এসব ভুলে যাইনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় নির্বাচনের পক্ষে। গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম—তিন মাসের মধ্যে নির্বাচন চাই। এখন যারা নির্বাচনের বিরোধিতা করছে, তারা জানে নির্বাচনে অংশ নিলে জনসমর্থন পাবে না বলেই ভয় পাচ্ছে।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে এখন নতুন কিছু প্রস্তাব আনা হয়েছে—এটা জনগণের সঙ্গে প্রতারণা। তবুও আমরা দায়িত্বশীল দল হিসেবে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি, প্রেস কনফারেন্স করেছি; রাস্তায় নামিনি, কোনো ঘেরাও কর্মসূচি দিইনি। কিন্তু অন্য একটি রাজনৈতিক জোট আন্দোলন করছে—তাদের দাবি মানতে সরকারকে চাপ দিচ্ছে। আমরা চাই আলোচনার মাধ্যমেই সমাধান হোক।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—এটি ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমরা গণভোটে রাজি হয়েছি, যদিও আলাদা করে এর প্রয়োজন ছিল না। আমরা প্রস্তাব দিয়েছি—নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক, এতে খরচ কমবে। আলাদা গণভোটে প্রায় এক হাজার কোটি টাকার বেশি ব্যয় হতো। তাই এক ব্যালটে সংসদ নির্বাচন ও গণভোট—দুটি বিষয় একসঙ্গে থাকা যুক্তিসঙ্গত।

তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে। “পর (PR)” দাবি নিয়ে যারা এসেছে, সেটা আলোচনার বিষয়ই ছিল না। এখন তারা জোট বেঁধে হুমকি দিচ্ছে—“আজই মেনে নিতে হবে, না হলে নির্বাচন হতে দেব না।” এটা সরাসরি জনগণকে ভুল পথে চালিত করা।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন—‘যেকোনো সময় হামলা হতে পারে।’ কিন্তু তিনি স্পষ্ট করে বলেননি, হামলা কোথা থেকে বা কারা করবে। জাতিকে এটা জানানো উচিত। আমরা প্রস্তুত আছি—যে কোনো হামলা বা ষড়যন্ত্র প্রতিহত করতে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ও অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।