বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “জুলাই সনদ” দেশের জনগণের কোনো প্রয়োজন মেটায় না; এটি কেবল কিছু ব্যক্তি ও উপদেষ্টার ভবিষ্যৎ রাজনৈতিক সুবিধার জন্য প্রণীত একটি নথি।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ বলেন, “আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ধরে লুটপাট করেছে, এরপর দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমানে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু গত দেড় বছরে তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা শোনা যায়নি। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও সম্মানও যথাযথভাবে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ জানে—১৯৭১ সালে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, ছাত্র, যুবক ও সাধারণ মানুষই এই দেশ স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, কোনো দলের নয়।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে হেয় করার চেষ্টা চলছে। “যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি বা কেউ কেউ এর বিরুদ্ধেও ছিলেন, তারাই এখন সমাজের প্রভাবশালী অবস্থানে থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চান,” বলেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, “আমরা চাই কেউ যেন মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা না করে। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার বা রাজাকারদের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিহত করব।”
তিনি বলেন, “আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, আজ তা কোথায়? সংবাদমাধ্যম খুললেই দেখা যায়, গণতন্ত্র অনুপস্থিত। জুলাই সনদ বলা হয়েছিল, সব দলের ঐকমতের ভিত্তিতে প্রণয়ন করা হবে, কিন্তু ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে তা চূড়ান্ত করা হয়েছে।”
সাবেক এই মন্ত্রী আরও বলেন, “যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল সেগুলোই জুলাই সনদে থাকা উচিত। কিন্তু দেখা যাচ্ছে, যাদের মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারাই এখন ‘আতেল’ সেজে ইতিহাস নিয়ে মন্তব্য করছেন।”
তিনি যোগ করেন, “দেশের প্রয়োজন কোনো নতুন ‘সনদ’ নয়—প্রয়োজন একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবে। বিজয়ীরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
বিএনপি জুলাই সনদ সমর্থন করতে বাধ্য হয়েছে জানিয়ে হাফিজ বলেন, “আমরা চাই যেসব বিষয়ে আলোচনা হয়নি, সেগুলো যেন সনদের চূড়ান্ত খসড়ায় না থাকে। আমাদের প্রয়োজন জনপ্রতিনিধিত্বশীল সংসদ, যেখানে জনগণের কণ্ঠ প্রতিফলিত হবে।”
প্রবাসী কিছু ব্যক্তির তৈরি নানা ‘সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের এখন প্রয়োজন সনদ নয়, প্রয়োজন জনগণের প্রতিনিধিদের নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “কিছু প্রতিবেশী রাষ্ট্র চায় না বাংলাদেশ স্বাধীন ও স্বনির্ভর থাকুক। শেখ হাসিনা তাদের আশ্রয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি বলব—তিনি ভারতের রাজনীতিতেই যুক্ত হয়ে পড়ুন, বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকুন।”
বিএনপির এই নেতা বলেন, “ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা এই মাফিয়া সরকারকে বিদায় দিয়েছি। এখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতার লোভে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে। আমি তাদের বলব—ঐক্য অটুট রাখুন, জাতীয় স্বার্থে একসঙ্গে থাকুন।”
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। এতে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।



