মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে তা তুলে দেওয়ার দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এসব শর্তকে ‘অযৌক্তিক’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ‘ষড়যন্ত্রমূলক’ বর্ণনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছেন তারা। এতে সই করেছেন বায়রার সাবেক সভাপতি এম এইচ সেলিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি রিয়াজ-উল-ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু, নির্বাহী সদস্য হক জহিরুল জো, কামাল উদ্দিন, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সচিব রেহেনা পারভীন।
এর আগে বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জানায়, মালয়েশিয়ার দেওয়া ১০টি শর্ত পূরণকারী দেশের সব রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠানোর জন্য তালিকাভুক্ত হয়, সেই অনুরোধ জানাবে বাংলাদেশ। এজন্য শর্ত পূরণে সক্ষম সব এজেন্সিকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শর্তের মধ্যে ১০ হাজার বর্গফুটের অফিস, পাঁচ বছরের অভিজ্ঞতা, পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা, তিন বছর ধরে ব্যবসা পরিচালনা করা, পাঁচ নিয়োগকর্তার প্রশংসাপত্র, নিজের নামে প্রশিক্ষণ কেন্দ্র থাকার মতো বিষয় রয়েছে।



