tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের লং মার্চ

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের লং মার্চ

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে টানা ১৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে লং মার্চ করেন তারা।

‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে আয়োজিত এ লং মার্চে শত শত শিক্ষক অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন—
‘ইবতেদায়ী শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’,
‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’,
‘চাকরি আছে, বেতন নাই—এমন কোনো দেশ নাই’,
‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’,
‘এক দফা, এক দাবি—জাতীয়করণ করতে হবে।’

লং মার্চের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

লং মার্চ শুরুর আগে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

এনসিপি নেতা সাঈদ মুস্তাফিজ বলেন, “রাজনৈতিক পরিচয়ে নয়, আপনাদের সন্তান হিসেবে এসেছি। শিক্ষকদের দিয়ে রাজনীতি করি না, মিথ্যা আশ্বাসও দিই না।”

তিনি অভিযোগ করে বলেন, “৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় ইতোমধ্যে সরকারি করা হয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখনো অবহেলিত। আপনারা দাড়ি-টুপি পরেন, ইসলাম নিয়ে কথা বলেন—এই কারণেই কি বৈষম্যের শিকার হচ্ছেন?”

তিনি আরও সতর্ক করে বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, এই মানুষগুলোর সঙ্গে গাদ্দারি করবেন না। এরা জুলাই আন্দোলনের যোদ্ধা, দেশ গড়ার কারিগর।”

আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইবতেদায়ী মাদ্রাসায় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

সংগঠনের আহ্বায়ক শামসুল আলম বলেন, “সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে সারাদেশে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঁচ শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষকদের মূল দাবি:

১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন।
২. যাচাই-বাছাইকৃত ১,০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৩. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।