বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে।
তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করায় দেশে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সোমবার (২৭ অক্টোবর) সকালে বলেন, “ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে রয়েছে। ফলে তীব্র বাতাসের আশঙ্কা নেই। তবে উপকূলীয় কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।”
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে মঙ্গলবার রাত থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দিবাগত রাত ৩টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৬০ কি.মি., কক্সবাজার থেকে ১,৩০০ কি.মি., মোংলা থেকে ১,২৮০ কি.মি. এবং পায়রা বন্দর থেকে ১,২৬০ কি.মি. দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে এবং ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের উপকূল অতিক্রম করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কাছাকাছি সাগর এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



