বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল চায় না নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রকাশনায় ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
৬৪০ পৃষ্ঠার গ্রন্থটি সম্পাদনা করেছেন মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও আবদুল হাই শিকদার। হামিদুল ইসলাম করেছেন এর প্রচ্ছদ নকশা। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি যাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়। আমি কাউকে দোষ দিতে চাই না, তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করি— কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দিতে চায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয়— এমন চেষ্টা করছে। এটা ঠিক নয়।”
তিনি জাতীয় সংস্কার কমিশনকে স্বল্প সময়ে কিছু সংস্কার কার্য সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।
বিএনপি মহাসচিব বলেন, “আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছিলেন; তারই ধারাবাহিকতায় এই সংস্কারগুলো করা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন–২০৩০ উপস্থাপন করেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন ১৯ দফা কর্মসূচি— সবই সংস্কারের ধারাবাহিক অংশ।”
তিনি বলেন, “বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। প্রেসিডেন্ট জিয়া একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও নারী শিক্ষার বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল সরকারব্যবস্থা থেকে সংসদীয় সরকারব্যবস্থায় রূপান্তর ঘটান, নারীদের বিনা খরচে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার সুযোগ করে দেন। অথচ অনেকেই বিএনপিকে অন্যভাবে উপস্থাপন করতে চান, যা হতাশাজনক।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। “কিন্তু ইতিহাস জিয়াকে ধারণ করেছে, তাঁকে মুছে ফেলা যাবে না,” বলেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি এখন নতুনভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন। স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পতাকা তিনি বহন করছেন। ইনশাআল্লাহ, তাঁর নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, আবদুল হাই শিকদার, মওদুদ আলমগীর পাভেল, মাহদী আমিন, রেজাবুদ্দৌলা চৌধুরী, সাখাওয়াত হোসেন সায়ান্থ ও ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।



