tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরাইলের

গাজায় ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সারাদিন ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। এর আগে রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান ও স্থলবাহিনীর হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের দাবি, রোববার সকালে রাফা এলাকায় হামাসের আক্রমণে তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হন। তবে হামাস জানিয়েছে, ওই সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও ইসরাইল গাজার একাধিক স্থানে নির্বিচারে হামলা চালায়।

দিনের শেষ দিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় ধারাবাহিক হামলার পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে, যা হামাস ভঙ্গ করেছিল।’

গাজার গণমাধ্যম দপ্তরের তথ্যমতে, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল মোট ৮০ বার তা লঙ্ঘন করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।