নিকট অতীত কিংবা সাম্প্রতিক সময়ের মধ্যে, আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজটি ছিল বাংলাদেশ দলের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স। টি-টোয়েন্টিতে আগেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা, তবে ৫০ ওভারের ফরম্যাটে এবারই প্রথম আফগানদের কাছে একটি সিরিজে সবগুলো ম্যাচ হেরে ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ।
আরব আমিরাতের মাটিতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল এমন এক লজ্জায় ডুবেছে, যা রেকর্ডবইয়ে নজিরবিহীন। ২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়ানডেতে ১০০ রানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। একইসাথে, ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদও এবারই প্রথম পেল টাইগাররা।
সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশ দল অলআউট হয়েছে যথাক্রমে ২৮.১ ও ২৭.৩ ওভারে। যা সাম্প্রতিক ইতিহাসে বিরল ঘটনা—এক সিরিজে টানা দুই ম্যাচে ৩০ ওভারের কম সময়ে অলআউট হওয়ার নজির বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি নেই।
ব্যাটিং ব্যর্থতার চিত্র ছিল পুরো সিরিজ জুড়ে। সাইফ হাসান ছাড়া আর কোনো ব্যাটার ধারাবাহিকতা দেখাতে পারেননি। রশিদ খানের স্পিন ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ; তিন ম্যাচে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ম্যাচে ছিল ৫ উইকেট। এছাড়া পেসার শামি ও স্পিনার গজনফরের বলেও কার্যত বিপর্যস্ত ছিলেন তানজিদ তামিম, শান্ত, হৃদয়, নাইম, জাকের, শামীম, মিরাজ এবং সোহানরা।
জাতীয় দলের এমন বাজে ব্যাটিং ও লজ্জাজনক হারের পর ভক্ত-সমর্থকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকের হতাশা আবার ক্ষোভে রূপ নিচ্ছে—ব্যক্ত হচ্ছে আচরণ ও মন্তব্যে।



