tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিউপদেষ্টাদের কল রেকর্ড কার হাতে, জনগণ জানতে চায়: রিজভী

উপদেষ্টাদের কল রেকর্ড কার হাতে, জনগণ জানতে চায়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন—উপদেষ্টাদের কল রেকর্ড কীভাবে ফাঁস হলো এবং কারা এই রেকর্ড সংগ্রহ ও সরবরাহ করছে? তিনি বলেন, “উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকা আইনবিরুদ্ধ ও স্পষ্ট ব্ল্যাকমেইলিংয়ের উদাহরণ। এই বিষয়ে জনগণ সঠিক তথ্য জানতে চায়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।”

তিনি দৃঢ়ভাবে বলেন, “গণতন্ত্রবিনাশী, মানবতাবিরোধী অপরাধে জড়িত, শিশু ও শিক্ষার্থী হত্যার সঙ্গে সম্পৃক্তদের ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। যারা এই অপশক্তিকে সুযোগ দেবে, জনগণ কখনও তাদের ক্ষমা করবে না।”

রিজভী আরও বলেন, “একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে। তাদের এক নেতা সম্প্রতি বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে। প্রশ্ন হলো, এই কল রেকর্ড তারা পেল কোথা থেকে? উপদেষ্টারা তো রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। যদি এটি সত্য হয়, তাহলে কারা এসব রেকর্ড সরবরাহ করছে তা দেশবাসী জানার অধিকার রাখে। আর যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে ইসলামের নামে মিথ্যা কথা বলা হচ্ছে।”

তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

রিজভী বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। একটি ঘটনায় বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করেছেন—এমন সংবাদ পেয়ে আমরা সেই পরিবারকে সহায়তা করেছি। আমরা চাচ্ছি, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। মানবিক বাংলাদেশ গড়তে এ ধরনের সহায়তা আমরা সবসময় অব্যাহত রাখব।”

জুলাই সনদ ও গণভোট নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো এখন জুলাই সনদে স্বাক্ষরের পথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। গণভোটসহ নানা ইস্যুতে দীর্ঘসূত্রতা জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। গণতন্ত্রের পথ রুদ্ধ করার সুযোগ যেন কোনো ফ্যাসিস্ট শক্তি না পায়। সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে, না হলে অন্ধকার ছায়া আমাদের গ্রাস করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।