tanaka
প্রচ্ছদখেলামেসির জোড়া অ্যাসিস্টে পুয়ের্তো রিকোকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

মেসির জোড়া অ্যাসিস্টে পুয়ের্তো রিকোকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে গোলবন্যায় ভেসেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের দুটি গোলের পেছনে সরাসরি অবদান ছিল অধিনায়ক মেসির।

মূলত ম্যাচটি হওয়ার কথা ছিল শিকাগোয়, সোমবার। তবে আয়োজকরা জানান, কম টিকিট বিক্রি এবং অভিবাসন–সম্পর্কিত কার্যক্রমের কারণে শেষ মুহূর্তে ম্যাচটি সরিয়ে আনা হয় মায়ামিতে।

নিজের ক্লাব ইন্টার মায়ামির হোম গ্রাউন্ডে খেলতে নামেন মেসি। শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। তার নিখুঁত লব পাস থেকে গনজালো মনতিয়েল দ্বিতীয় গোলটি করেন। আর ম্যাচের ৮৩ মিনিটে এক অসাধারণ ব্যাক-পাসে লাউতারো মার্টিনেসকে গোলের সুযোগ করে দেন, যেখান থেকে মার্টিনেস নিজের দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ১৪ মিনিটে ম্যাক অ্যালিস্টার প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন এবং পরে আরও একটি গোল করেন। একটি আত্মঘাতী গোলেও স্কোরলাইন বাড়ে। পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনার একচেটিয়া দাপট দেখা যায়। উল্লেখ্য, মায়ামিতেই এক সপ্তাহ আগে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, যদিও সে ম্যাচে মেসি ছিলেন বিশ্রামে।

বিশ্ব র‍্যাংকিংয়ে ১৫৫তম স্থানে থাকা পুয়ের্তো রিকো মূলত কলেজ ফুটবলারদের নিয়ে গড়া দল হলেও তারা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তাদের গোলরক্ষক সেবাস্টিয়ান কাটলার (ভিলানোভা ইউনিভার্সিটি) দ্বিতীয়ার্ধে মেসির দুটি শট রুখে দেন। আর লিয়ান্দ্রো আন্তোনেত্তির দূরপাল্লার একটি শট ম্যাচের শুরুতেই বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিল।