tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকঘূর্ণিঝড় ‘শক্তি’ বদলেছে পথ: উপকূলীয় অঞ্চলে সতর্কতা

ঘূর্ণিঝড় ‘শক্তি’ বদলেছে পথ: উপকূলীয় অঞ্চলে সতর্কতা

আরব সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘শক্তি’ দিক পরিবর্তন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার সন্ধ্যায় ঝড়টি উত্তর-পূর্ব ও পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছে আবার পূর্ব দিকে বাঁক নিতে শুরু করেছে। যদিও এটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবুও উপকূলীয় অঞ্চলে তীব্র ঢেউ, আকস্মিক বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়ে গেছে।

এদিকে, ওমানের আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড় ‘শক্তি’ ধীরে ধীরে আল-সারকিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে তারা আশ্বস্ত করেছে, আজ রাত থেকেই ঝড়টি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভোর নাগাদ এটি পূর্ব দিকে সরে গিয়ে আবার আরব সাগরের মধ্যাঞ্চলে ফিরে যেতে পারে।

শনিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস বইতে দেখা গেছে। এ কারণে ভারতের মহারাষ্ট্র উপকূলসহ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করা হয়। যদিও ‘শক্তি’র দিক পরিবর্তনের ফলে অনেক এলাকায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে, তবুও প্রশাসন সতর্ক থাকতে বলেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ঝড়টির কেন্দ্র ওমান উপকূল থেকে আনুমানিক ১০০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে। তবে স্থলভাগে এটি বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনবে না বলেই ধারণা করা হচ্ছে। তবুও সব ধরনের সামুদ্রিক কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ‘শক্তি’ দুর্বল হলেও এর অবশিষ্ট প্রভাব ভারি বৃষ্টি, জলোচ্ছ্বাস ও হঠাৎ ঝড়ো হাওয়ার মাধ্যমে দেখা দিতে পারে। ফলে ভারত ও ওমান—উভয় দেশের উপকূলীয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।