রোববার দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন কৃষক, দুই শিক্ষার্থী ও চারজন সাধারণ মানুষ রয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী বিস্তারিত ঘটনা নিচে তুলে ধরা হলো:
কুমিল্লা: হোমনার ভবানীপুর খেয়াঘাটে বিকেলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।
হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহ: সকালবেলা মাঠে কাজ করার সময় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়। তারা হলেন—সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।
সংশ্লিষ্ট থানার ওসিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুদ্দিন জানান, গরু আনতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
গাইবান্ধা: সাঘাটা উপজেলার দীঘলকান্দী গ্রামে বজ্রপাতে কৃষক আব্দুল আজিজ (৪৫) প্রাণ হারান। তিনি হলদিয়া ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান সাঘাটা থানার ওসি বাদশা আলম।
কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলায় বিকেলে বজ্রপাতে দুইজন মারা যান। তারা হলেন—নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্র মোহাম্মদ বাবলু মিয়া (৭) এবং বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের সহিব।
দুজনের মৃত্যুই পৃথক বজ্রপাতের ঘটনায় ঘটে।



