স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুর্গাপূজা বিঘ্নিত করার জন্য পার্বত্য এলাকায় ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। তবে সেই ষড়যন্ত্র সফল হয়নি বলে তিনি দাবি করেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এবার পূজা বিঘ্ন করার জন্য পাহাড়ে একটি ষড়যন্ত্র হয়েছিল। একজনকে আটকও করা হয়েছিল, কিন্তু তদন্তে দেখা যায়, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। কিছু সন্ত্রাসী তাকে জোর করে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। পরে জানা যায়, সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। একজন চাকমা চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করেন। ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি।”
তিনি আরও বলেন, “চলতি বছর পূজা খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে মুন্সীগঞ্জে উৎসবের পরিবেশ আরও প্রশংসনীয়। এজন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানাই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আরও একটি দিন বাকি আছে। আশা করছি সেটিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এরপর ৬ অক্টোবর লক্ষ্মীপূজা রয়েছে, সেটাও সুষ্ঠুভাবে উদযাপিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।



