বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের খবরকে “ভুয়া” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেটিও-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি ভুয়া খবরের ওপর ভিত্তি করে এগোতে পারেন না।”
তিনি আরও বলেন, “বর্তমানে ভারতের একটি নেতিবাচক বৈশিষ্ট্য হলো ভুয়া খবর ছড়ানো। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের সহিংসতা হচ্ছে না। এই অভিযোগ সত্যনির্ভর নয়।”
সাক্ষাৎকারটি গ্রহণ করেন সাংবাদিক মেহেদি হাসান। দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ নিয়েও আলোচনা হয়।
তিনি জানান, শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে গত বছর তাকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হয়। অধ্যাপক ইউনূস বলেন, “প্রথমে আমি বিস্মিত হয়েছিলাম এবং দায়িত্ব নিতে চাইনি। তবে আন্দোলনকারীদের আত্মত্যাগ দেখে আমি সিদ্ধান্ত বদলাই। আপনারা যেহেতু এত কিছু ত্যাগ করেছেন, আমিও আমার অবস্থান বদলাচ্ছি।”
সাক্ষাৎকারে আরও উঠে আসে জাতীয় নির্বাচন কেন আগামী বছরের ফেব্রুয়ারির আগে হচ্ছে না, মিয়ানমার থেকে আসা ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে সরকারের কৌশল কী, এবং আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্তের পেছনের ব্যাখ্যা কী—এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সোমবার, ২৯ সেপ্টেম্বর, জেটিও-তে।
সূত্র: বাসস



