ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এ ধরনের দীর্ঘ ও তীব্র হামলার ঘটনা এই প্রথম। এতে কমপক্ষে চারজন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্স।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সামরিক বাহিনীর দাবি, হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ হামলায় একটি হৃদরোগ ক্লিনিক, একটি কারখানা এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি আরও বলেন, “রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোই এ যুদ্ধের অর্থায়নের উৎস, তাই এখনই সেগুলোকে লক্ষ্যবস্তু করার সময় এসেছে।”
তিনি টেলিগ্রামে লিখেছেন, “সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই চলে গেছে। আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি৭ ও জি২০-এর কাছ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আশা করছি।” তবে তিনি স্বীকার করেন, ইউক্রেন এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে রাজি করাতে পারেনি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিশেষ করে বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। দূরপাল্লার আকাশ ও সমুদ্রভিত্তিক অস্ত্র এবং ড্রোন ব্যবহার করেই এই বৃহৎ আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।



