বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না; তারা জানতে চায়, কাকে ভোট দিচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম-ছাত্র-জনতার অবরোধ ঘিরে উত্তাল পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে কিংবা সমতলে মানুষে-মানুষে বিভেদ থাকতে পারে না। বিএনপি কখনো জনগণের বিভেদে বিশ্বাস করে না।
এর আগে তিনি দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।



