পার্বত্য চট্টগ্রলে অস্থিতিশীলতা সৃষ্টির এবং সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা প্রতিরোধে বিজিবি কার্যকর পদক্ষেপ নিয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর আওতাধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
বিজিবি জানায়, বান্দরবান থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি যাচ্ছিল সম্রাট পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০)। তল্লাশির সময় বাস থেকে আনুমানিক ৫০০টি দেশীয় দা/চাপাতি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চালক মো. শুক্কুর আলী ও সহকারী মো. সাব্বির স্বীকার করেছেন যে, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের নির্দেশে খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র বহন করা হচ্ছিল।
উদ্ধারকৃত অস্ত্র, বাস ও সংশ্লিষ্ট তথ্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। কাপ্তাই থানা পুলিশের কাছে বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে। চালক শুক্কুর আলী রাঙ্গামাটির কোতোয়ালি থানার রিজার্ভ বাজার এলাকার জয়নাল আবেদীনের পুত্র এবং সহকারী সাব্বির একই এলাকার মো. ইউসুফের পুত্র।
কাপ্তাই ব্যাটালিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ। যারা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, বিশেষ করে ইউপিডিএফসহ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অস্ত্রগুলোর উৎস ও পরিকল্পিত ব্যবহার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
এদিকে, খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অবরোধের আড়ালে ইউপিডিএফ সন্ত্রাসীরা সহিংসতা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ইউপিডিএফের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি আরও বাড়িয়েছে। বিজিবি’র এই সফল অভিযানকে সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।



