tanaka
প্রচ্ছদরাজনীতিআ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, বিএনপির এমপিপুত্রকে শোকজ

আ.লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা, বিএনপির এমপিপুত্রকে শোকজ

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ও রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন সুবিধা আদায় এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

নোটিশে অভিযোগ করা হয়, দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আবুল কাউসার আশা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরকারি গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করছেন এবং নিজের মিছিল-মিটিংয়ে তাদের গুরুত্ব দিচ্ছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আবুল কাউসার আশা দাবি করেন, তিনি বিএনপির একজন পরীক্ষিত কর্মী। অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় কারাভোগ ও নির্যাতনের শিকার হয়েছেন।

শোকজের জবাবে তিনি বলেন, নোটিশে উল্লেখ করা কয়েকজন ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধি। তাদের সঙ্গে সংসদ সদস্যের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রয়োজনে যোগাযোগ থাকতে পারে। তবে সেটিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট কয়েকজন জনপ্রতিনিধি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অন্য একজনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আবুল কাউসার আশার অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে বিভেদ সৃষ্টি এবং তার রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।