tanaka
প্রচ্ছদজাতীয়শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনা দেওয়ার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম। ফলে তাদের আবাসনসংকট আরও তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তার মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশের উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি উত্তরণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কর্মমুখী শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে একটি সমন্বিত ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।