tanaka
প্রচ্ছদরাজনীতিআ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: আবিদ

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ।

তিনি বলেছেন, ‘আওয়ামী রাজনীতি হচ্ছে ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি। এটি খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি। এ কারণেই দেশবাসী বলে, ক্ষমতাহীন আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও নিকৃষ্ট ও ভয়ানক। দলীয় স্বার্থে তারা নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না।’

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আবিদ বলেন, শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচিতে গিয়ে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ইব্রাহিম। তার দাবি, আওয়ামী লীগের অন্য একটি গ্রুপের সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে তাকে।

পুলিশের ভূমিকা তুলে ধরে আবিদ বলেন, সেখানে পুলিশ কোনো ধরনের গুলি চালায়নি। বরং পুলিশ সদস্যদের সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বুঝিয়ে ভাঙচুর থেকে বিরত রাখার চেষ্টা করতে দেখা গেছে। গোপালগঞ্জের ঘটনার মতো এখানেও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যের কথা উল্লেখ করে আবিদ বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি কিছুদিন ধৈর্য দেখাব, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন গুলিতে মারা না যায়।’ পুলিশের কর্মকাণ্ডেও এই নীতির প্রতিফলন ঘটছে বলে দাবি করেন তিনি।

আবিদ আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা গেরিলা ও গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন এলাকায় লক্ষ্যবস্তু নির্ধারণ করে হত্যাকাণ্ড এবং বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন। গণমাধ্যমেও এ ধরনের তথ্য প্রকাশিত হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়ে একে অপরের লোকজনকে হত্যা করছে। এটিকেই তিনি দলটির ‘লাশের রাজনীতি’ বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে আওয়ামী লীগের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান আবিদ। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রত্যাশিত রাজনৈতিক প্রত্যাবর্তন আপাতত হচ্ছে না। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আপার লাশের ক্ষুধা জেগেছে, আর সেই ক্ষুধার শিকার হচ্ছেন আপনারাই। আপনারা সচেতন হোন, সতর্ক থাকুন।’