টানা কয়েক মাসের দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন করে উত্থানের সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকরা। সবকিছু অনুকূলে থাকলে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১০ হাজার ডলার বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন এফএক্সএম্পায়ারের কারিগরি বিশ্লেষক এজি থরসন। তার এ পূর্বাভাস বাস্তবায়িত হলে বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের আন্তর্জাতিক মূল্য প্রায় পৌনে পাঁচ লাখ টাকায় পৌঁছাতে পারে। তবে স্থানীয় বাজারে শুল্ক, কর ও অন্যান্য খরচের কারণে প্রকৃত দাম ভিন্ন হতে পারে।
গত ২৭ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে থরসন জানান, গত ২৫ নভেম্বর স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতনের পর একটি সম্ভাব্য সর্বনিম্ন অবস্থান তৈরি হয়েছে। ২০২৫ সালের বড় উত্থানের পরবর্তী বাজারচক্রের সঙ্গে সাম্প্রতিক দরপতনের সময়কালের মিল খুঁজে পেয়ে তিনি এমন ধারণা করছেন। তবে এটি সম্পূর্ণ কারিগরি বিশ্লেষণভিত্তিক পূর্বাভাস। স্বর্ণের দরপতন নিশ্চিতভাবে শেষ হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।
থরসনের বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দামের ওঠানামায় একটি নির্দিষ্ট সময়চক্রের মিল দেখা যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া বড় উত্থানটি স্থায়ী হয়েছিল ১০৪ কার্যদিবস। এরপর ২০২৬ সালের মাঝামাঝি সময়ে স্বর্ণের দামে যে সংশোধন শুরু হয়, সেটিও ১০৪ কার্যদিবস স্থায়ী হয়েছিল।
সাম্প্রতিক দরপতনেও একই ধরনের প্রবণতা দেখা গেছে বলে দাবি করেছেন তিনি। তার হিসাবে, জুনের শেষ দিকে স্বর্ণের সর্বনিম্ন দাম থেকে ১০৪ কার্যদিবস পর গত ২৫ নভেম্বর আবারও বড় ধরনের সর্বনিম্ন অবস্থান তৈরি হয়েছে। এ সময়চক্রের সামঞ্জস্য থেকেই দীর্ঘ দরপতনের অবসান এবং নতুন ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা দেখছেন এই বিশ্লেষক।
২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর স্বর্ণের বাজারে যে দীর্ঘমেয়াদি উত্থান দেখা গিয়েছিল, তার সঙ্গে বর্তমান পরিস্থিতিরও তুলনা করেছেন থরসন। তার মতে, ২০২৬ সালের দরপতন ছয় বছরব্যাপী একটি দীর্ঘমেয়াদি তেজি বাজারের মাঝপথের বিরতি হতে পারে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ২০৩০ সাল নাগাদ স্বর্ণের দাম ১০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু স্বর্ণ নয়, রুপা ও প্লাটিনামের বাজারেও নতুন উত্থানের সম্ভাবনা দেখছেন তিনি। তার ধারণা, এ দুটি মূল্যবান ধাতুর সাম্প্রতিক দরপতনও শেষের দিকে রয়েছে। বিশেষ করে রুপার দাম এই দশকের শেষ নাগাদ আউন্সপ্রতি ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। পাশাপাশি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু উত্তোলনকারী খনি কোম্পানিগুলোর শেয়ারেও ভালো সম্ভাবনা দেখছেন এই বিশ্লেষক।
তবে বাজারে নতুন উত্থানের সম্ভাবনা থাকলেও বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন থরসন। আগামী ৯ ডিসেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিসংক্রান্ত সিদ্ধান্তের আগে মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে একবারে বড় অঙ্কের বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক।
সূত্র: লাইভমিন্ট ও এফএক্সএম্পায়ার।



