দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারসহ বর্ণাঢ্য ফুটবলজীবনের ইতি টানলেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ৪০ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন পাঁচটি বিশ্বকাপে খেলা এই তারকা গোলরক্ষক।
কোপা লিবার্তাদোরেসের ফাইনাল ম্যাচ দিয়েই শেষ হলো মুসলেরার দীর্ঘ খেলোয়াড়ি জীবন। নিজ দেশের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি। তবে শেষ ম্যাচে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।
ফাইনালে মুসলেরার দল এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ১-০ গোলে হেরেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে। ম্যাচের ৫২তম মিনিটে রামন সোসার করা একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাবটি। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতে পালমেইরাস।
ফাইনালে হারের হতাশা থাকলেও নিজের বিদায় নিয়ে সন্তুষ্ট মুসলেরা। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই তিনি আনন্দিত। তার মতে, ম্যাচের ফল যা-ই হোক, ক্যারিয়ার শেষ করার জন্য এটি ছিল অসাধারণ একটি মুহূর্ত।
পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই গোলরক্ষক। বিশেষ করে নিজ দেশের দর্শকদের সামনে মহাদেশীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলেই ক্যারিয়ার শেষ করতে পারাকে স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন তিনি।
অবসরের সিদ্ধান্তটি অবশ্য শেষ ম্যাচের পর নেননি মুসলেরা। আগেই এস্তুদিয়ান্তেসের পরিচালনা পর্ষদকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছিলেন। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সতীর্থদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।
উরুগুয়ের জাতীয় দলের হয়ে মুসলেরার অভিষেক হয় ২০০৯ সালে। ২০২৬ সাল পর্যন্ত দেশটির জার্সিতে খেলেছেন ১৩৭টি ম্যাচ। ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—পাঁচটি বিশ্বকাপে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদানও ছিল তার।
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মুসলেরা। বিশেষ করে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব গালাতাসারাইয়ের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। ক্লাবটির সমর্থকদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরতার প্রতীক।
দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব ফুটবলে অসংখ্য স্মৃতি উপহার দেওয়া মুসলেরার বিদায়ে শেষ হলো ফুটবলের একটি বর্ণাঢ্য অধ্যায়।



