tanaka
প্রচ্ছদসারাদেশপাহাড়ে দাঙ্গা বাধানোর উসকানি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি মহল: মন্ত্রী

পাহাড়ে দাঙ্গা বাধানোর উসকানি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি মহল: মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্ট করতে উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী এবং কিছু বিদেশি মহল উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে পাহাড়ের সাধারণ মানুষ এ বিষয়ে সচেতন বলে মনে করেন তিনি।

পাহাড়ে টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে কোনো অপশক্তিই পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করতে পারবে না।’

শনিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী।

সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি ঐতিহাসিক আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার কিংবা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। এ বিষয়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল দাঙ্গা বাধানোর জন্য উসকানি দিচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগণকে ইতিবাচকভাবে সচেতন করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করতে হবে।

এ সময় রাত দুইটা থেকে তিনটার দিকে পরিচয়হীন মোটরসাইকেলের বেপরোয়া চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর আশঙ্কা, এ ধরনের চলাচলকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা বা জিজ্ঞাসাবাদের ঘটনায় ভুল বোঝাবুঝি তৈরি হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

গত দুই বছরের বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালির মধ্যে যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে, তা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান সাচিং প্রু জেরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এ ছাড়া খাগড়াছড়ির বিভিন্ন সরকারি দপ্তর, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।