tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন ট্রাম্প প্রশাসনের ৬ শীর্ষ কর্মকর্তা

ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন ট্রাম্প প্রশাসনের ৬ শীর্ষ কর্মকর্তা

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্তত ছয়জন শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনের সামরিক ঘাঁটির আবাসনে বসবাস শুরু করেছেন। এসব আবাসন সাধারণত দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত। অতীতের মার্কিন প্রশাসনগুলোর তুলনায় একসঙ্গে এত বেশি বেসামরিক কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাসের ঘটনা বিরল বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক ঘাঁটিগুলোর এসব আবাসন কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত। নিয়ন্ত্রিত প্রবেশপথ ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই। কর্মকর্তাদের সামরিক আবাসনে স্থানান্তরের পেছনে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানানো না হলেও ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হুমকির বিষয়টি সামনে এসেছে।

এর আগে গত ১৭ নভেম্বর সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র অথবা ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে ইরান। ডার্টি বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক, যার বিস্ফোরণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে।

এদিকে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এর আগে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীকে নিরাপদ ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

ওই কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তার সুনির্দিষ্ট হুমকির কারণে মন্ত্রিসভার অনেক সদস্য নিজেরা শহরে বসবাস করতে পারছেন না। তা সত্ত্বেও তারা প্রশাসনের উদ্যোগগুলোতে ব্যক্তিগতভাবে অবদান রেখে চলেছেন।’

সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ যোগ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি তিনি জর্জটাউনে নিজের বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটির আবাসনে উঠেছেন।

গত নভেম্বরে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বাসস্থান পরিবর্তনের কারণ হিসেবে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেছিলেন বেসেন্ট। এ সময় ইরানের নেতৃত্বেরও সমালোচনা করেন তিনি।

বেসেন্ট বলেন, ‘তারা আমার এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ভয়ে পিছিয়ে যাব না।’

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও বর্তমানে একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি সেখানে উঠেছেন। তার পূর্বসূরি সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিও ২০২৫ সালে একটি সামরিক ঘাঁটিতে বসবাস করতেন।

এ ছাড়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার পরিবারের সদস্যদের নিয়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। ভার্জিনিয়ায় তার বাড়ির বাইরে এক নারী বিক্ষোভ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভের সময় ওই নারী মিলারের ব্যক্তিগত ঠিকানা উল্লেখ করে প্রচারপত্রও বিতরণ করেন।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ‘মিলার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিত ও নথিবদ্ধভাবে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির একটি অভিযান চালানো হয়েছিল। এ কারণেই তারা বাসস্থান পরিবর্তন করেছেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, মিলার যে সামরিক ঘাঁটিতে বসবাস করছেন, সেখানেই রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাসের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আবাসন ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে পেন্টাগনের কাছে ব্যাখ্যা চাওয়ার দাবি উঠেছে। ২০২৭ সালের বসন্তের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস।

তিনি বলেন, ‘সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাসের বিষয়টি তদন্ত করা প্রয়োজন। তারা আবাসনের জন্য ন্যায্য বাজারমূল্য পরিশোধ করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।’

সিএনএন জানিয়েছে, সামরিক আবাসনে বসবাসের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অর্থ পরিশোধ করতে হয়। তবে এ ধরনের আবাসন ব্যবস্থার ব্যয় ও সুযোগ-সুবিধা নিয়েও আগে বিতর্ক তৈরি হয়েছে।

২০২৫ সালে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ফোর্ট ম্যাকনেইরের বাসভবনে অতিরিক্ত সুবিধা যুক্ত করতে মার্কিন সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের পরিকল্পনা প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এদিকে আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান কর্মকর্তাদের এভাবে সামরিক ঘাঁটিতে বসবাসের ব্যবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তার মতে, এর ফলে সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের জীবনযাপন ও সমাজ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

কান বলেন, ‘এ ধরনের দায়িত্বে থাকলে তারা এমনিতেই এক ধরনের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বসবাস করেন। তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকে এবং এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠান কিংবা বাসায় নেওয়া-আনা করা হয়। এ ধরনের ব্যবস্থা সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে তোলে।’

সূত্র: সিএনএন |