tanaka
প্রচ্ছদজাতীয়নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণের দাবির বিষয়ে শিক্ষা সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বেশ কঠিন কাজ ছিল। তবে পে-স্কেল বাস্তবায়নের কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই জাতীয়করণের দাবিতে শিক্ষকদের রাস্তায় নামার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে আবদুল খালেক বলেন, সরকার বদলি নীতিমালা তৈরির কাজ করছে। আন্তরিকতা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। গত নয় মাসে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার জাতীয়করণের উদ্যোগ নেবে। তবে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা ও নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার, ল্যাব ও নতুন বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

সরকারের আর্থিক সহযোগিতার প্রসঙ্গ তুলে শিক্ষা সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।