tanaka
প্রচ্ছদসারাদেশসিলেটে এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেটে এমপি মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন বাসার নিরাপত্তাকর্মীরা। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন। তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

একের পর এক এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।