মাত্র ৫০ ডলার পকেটে নিয়ে ভাগ্য বদলানোর স্বপ্নে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমিয়েছিলেন নাহিদ খান। কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ত ও প্রভাবশালী শহরে এসে শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে। পরিচিত কেউ নেই, আত্মীয়-স্বজন নেই, এমনকি কাজ পাওয়ার জন্য কোনো গ্যারান্টারও ছিল না। ফলে কর্মসংস্থান খুঁজে পাওয়াও হয়ে ওঠে কঠিন।
অপরিচিত কাউকে কাজে নিয়োগ দিলে টাকা-পয়সা চুরি করে পালিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় অনেকেই তাঁকে কাজ দিতে চাইতেন না। কখনো রাস্তার পাশে ঘুমিয়ে, কখনো দিনের পর দিন না খেয়ে কাটাতে হয়েছে তাঁকে। প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই শুরু হয় নাহিদ খানের নিউইয়র্কের জীবনসংগ্রাম।
তবে সময়ের সঙ্গে বদলে গেছে তাঁর জীবনের গল্প। হাডসন নদীর পানির মতোই বয়ে গেছে অনেক সময়। নিউইয়র্কের প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে রঙ বদলায়, তেমনি নিজের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন নাহিদ খান।
মাত্র ৫০ ডলারের পুঁজি থেকে গড়ে তুলেছেন মিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে হয়েছেন সফল উদ্যোক্তা। একসময় যাঁকে কেউ কাজ দিতে চাইতেন না, সেই নাহিদ খানই এখন অসহায় ও নতুন অভিবাসীদের বিনা গ্যারান্টিতে কাজের সুযোগ করে দেন।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও ৭৪ স্ট্রিট এলাকায় রয়েছে তাঁর দুটি জনপ্রিয় রেস্টুরেন্ট। পাশাপাশি আরও একটি রেস্টুরেন্ট চালুর প্রস্তুতিও চলছে। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন অন্তত ৭০ জন কর্মী।
একসময় নিজে খাবারের অভাবে কষ্ট করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এখন তুলনামূলক কম দামে মানুষের হাতে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রতিদিন রাত ১০টা বাজলেই তাঁর রেস্টুরেন্টে খাবার কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ে যায়। সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পরিবেশন এবং মানবিক উদ্যোগের কারণে জ্যাকসন হাইটসে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘মামা নাহিদ’ নামে।
আশপাশের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তাঁর প্রতিষ্ঠানে খাবারের দাম বেশ কম। যেখানে অন্য রেস্টুরেন্টে এক প্লেট কাচ্চি বিরিয়ানি বিক্রি হয় ১৮ থেকে ২০ ডলারে, সেখানে মামা নাহিদের রেস্টুরেন্টে একই খাবার পাওয়া যায় মাত্র ১২ ডলারে। এ ছাড়া দেশি ভাত, মাছ ও মাংসের খাবারের প্যাকেজ রয়েছে ৯ থেকে ১০ ডলারের মধ্যে।
ক্রেতাদের ভাষ্য, নাহিদ খানের আন্তরিক ব্যবহার এবং খাবারের অসাধারণ স্বাদের কারণেই দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর রেস্টুরেন্টে আসেন।
কম দামে খাবার বিক্রির পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাহিদ খান জানান, তিনি নিজেই রান্নার কাজ করেন। এতে বাড়তি শেফের বেতন ও অন্যান্য খরচ যোগ করতে হয় না। তাঁর লক্ষ্য ব্যবসা পরিচালনার পাশাপাশি কম মুনাফায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া।
নাহিদ খানের ভাষায়, শুধু মুনাফা অর্জনই তাঁর ব্যবসার একমাত্র উদ্দেশ্য নয়। মানুষের সেবা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা থেকেই তিনি এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তাঁর কাছে মানুষের উপকার ও সহযোগিতা করাও ব্যবসার অংশ, একই সঙ্গে এক ধরনের ইবাদত।
ফ্রেশ বেকারি অ্যান্ড সুইটসসহ তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন থাকে নিত্যনতুন ও তাজা খাবারের আয়োজন। প্রতি শুক্রবার ও রবিবার বিশেষভাবে পরিবেশন করা হয় কাচ্চি বিরিয়ানি ও তেহারি। সপ্তাহের অন্যান্য দিনেও থাকে আলাদা আলাদা বিশেষ খাবারের আয়োজন।
খাবারের মান ও ধর্মীয় বিষয়েও বিশেষ গুরুত্ব দেন নাহিদ খান। তাঁর দাবি, রেস্টুরেন্টে শতভাগ হালাল খাবার পরিবেশন করা হয় এবং রান্নার জন্য ব্যবহার করা হয় হালাল সার্টিফায়েড মাংস। এ কারণেও বাংলাদেশি ক্রেতাদের কাছে তাঁর রেস্টুরেন্টগুলো বেশ জনপ্রিয়।
ব্যবসায়িক সাফল্য পেলেও নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন নাহিদ খান। প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী না থাকলে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। কোনো কাজকেই ছোট করে দেখেন না তিনি।
স্মিত হেসে নাহিদ খান বলেন, ‘বড়লোকি করি না, নিজের কাজ নিজে করি। কোনো কাজই আমার কাছে ছোট নয়।’
মাত্র ৫০ ডলার নিয়ে নিউইয়র্কে পা রাখা একজন মানুষের এই পথচলা শুধু ব্যবসায়িক সাফল্যের গল্প নয়; বরং সংগ্রাম, আত্মবিশ্বাস, মানবিকতা ও অন্যের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক উদাহরণ।



