tanaka
প্রচ্ছদজাতীয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

বাসসের খবরে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবারের সম্মিলনের প্রতিপাদ্য—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরিতে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় জোরদার, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।