সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো ছিল। এগুলো শক্তিশালী ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রাত ৯টার দিকে আন্ডারপাসের ভেতরে পলিথিনে মোড়ানো বস্তুগুলো পথচারীদের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।



