অনেকদিন পর আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। দেশের ক্রিকেটে নানা বিষয় নিয়ে আলোচনার জন্যই বোর্ড সভার আয়োজন করে থাকে বিসিবি।
আগামীকাল শনিবার বিসিবি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়। এবারের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে ঢাকা পোস্ট জানতে পেরেছে।
এরমধ্যে ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালু, ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিক বাছাইপর্ব মোটা দাগে রয়েছে এজেন্ডায়।
এ ছাড়া কয়েকটি বিভাগের চেয়ারম্যান পরিবর্তন নিয়েও কথা হতে পারে। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, প্রধান কোচ পরিবর্তন, আগামীর পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। পাশাপাশি নারী বিভাগের আসন্ন সিরিজ, নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও রয়েছে এজেন্ডায়।



